রাজনৈতিক অস্থিরতা, গ্যাস-বিদ্যুতের সংকটসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) মন্দাভাব চলছিল। গত বছরের শেষ ছয় মাসে তা ৭১ শতাংশ কমে যায়। তবে চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি–মার্চ) এফডিআই আসার হার বেড়েছে।
২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্ত-কোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম তিন মাসে নিট এফডিআই দাঁড়িয়েছে ৮৬৪.৬৩ মিলিয়ন মার্কিন ডলার। যা ২০২৪ সালের একই সময়ের ৪০৩.৪৪ মিলিয়ন ডলারের তুলনায় ১১৪.৩১ শতাংশ বেশি।
২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তুলনায়ও নিট বিদেশি বিনিয়োগ ৭৬.৩১ শতাংশ বেশি। ওই সময়ে নিট এফডিআই ছিল ৪৯০.৪০ মিলিয়ন ডলার।
অন্যদিকে, পুনঃবিনিয়োগকৃত আয়ের হার বছরে ২৪.৩১ শতাংশ হ্রাস পাওয়া সত্ত্বেও এই তীব্র বৃদ্ধি ঘটেছে, যা ইঙ্গিত দেয় যে নতুন মূলধন বিনিয়োগ এবং ঋণ প্রবাহ বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহকে চালিত করছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ইক্যুইটি বিনিয়োগের প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ৩০৪.৩৮ মিলিয়ন ডলার। যা ২০২৪ সালের একই সময়ের ১৮৮.৪৩ মিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি।
একই সময়ে আন্ত-কোম্পানি ঋণের প্রবাহ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬২৬.৯৭ মিলিয়ন ডলার। যা গত বছরের ২৫৩.৮০ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।
তবে, পুনঃবিনিয়োগকৃত নিট আয় চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৯৪.৭১ মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা এক বছর আগে ছিল ২৫৭.২৬ মিলিয়ন ডলার।
প্রান্তিকটিতে মূলধন বহির্গমনও বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিদেশে মূলধন বহির্গমন হয়েছে ৭১১.৫৩ মিলিয়ন ডলার। যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৬৫১.১৯ মিলিয়ন ডলার।
এদিকে প্রণোদনা দেওয়ার মাধ্যমে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির বিষয়ে মতামত দিতে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে সরকার। গত ২৯ মে প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। বলা হয়, কমিটি এক মাসের মধ্যে মতামত দেবে।
এই সময়ের বিনিয়োগ বৃদ্ধিকে বর্তমান সরকারের তৎপরতার ফল বলছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সরকারের ভিশন ও বিডার গতিশীল নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এই বছরের এফডিআই আসার পেছনে আমাদের ভূমিকা সামান্য। বিনিয়োগের ডিসিশন আগেই হয়েছিল। সম্ভবত প্রসেস একটু গতিশীল হয়েছে। যেমন, বিডা ও বাংলাদেশ ব্যাংক এখন অনেক দ্রুত বৈদেশিক ঋণগুলোকে ভিন্নকরণ ও অনুমোদন করছে (স্ক্রুটিনি ও অ্যাপ্রুভ করছে)। ’
আর এ কারণেই বৈদেশিক বিনিয়োগের গতি বেড়েছে, বাড়ছে বিনিয়োগের পরিমাণ। গত সরকারের সময়ে এমন ছিল না।
বিডার চেয়ারম্যান উড়িয়ে দেন, দেশি-বিদেশি বিনিয়োগ কমছে-এমন ধারণা। দুই মাস আগে বৈদেশিক বিনিয়োগের তথ্য নিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদকে উল্লেখ করে একটি খবর প্রকাশিত হয়। গত শুক্রবার বৈদেশিক বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের চিত্র তুলে ধরে তিনি এ নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন।
আশিক চৌধুরী বলেন, ‘প্রায় মাস দুই আগে একটা কার্টুনসহ রিপোর্ট করা হলো, একই সময়কে ফ্রেম করে। পড়ে মনে হচ্ছে প্লেন থেকে ঝাঁপ দেওয়া, সামিট আর প্রেজেন্টেশন করা ছাড়া আমরা কিছু করি না। আর তাই বিনিয়োগ ধ্বংস, অর্থনীতি ধ্বংস, দেশ ধ্বংস, ইত্যাদি। প্রভিশনাল বা প্রস্তাবিত ডেটা নিয়ে এরকম একটা নেগেটিভ রিপোর্ট করে পাবলিককে সেনসিটাইজ করাটা দুঃখজনক। এমনিতেই বাংলাদেশে ডেটা নিয়ে অনেক কনফিউশন। তার ওপর এইসব অপসাংবাদিকতা মানুষকে বিভ্রান্ত করে। আমার গত আট মাসে কয়েকজন দারুণ রিপোর্টারের সঙ্গে পরিচয় হয়েছে। তারা স্ট্রেইট কাট প্রশ্ন করেন। রিপোর্ট করার আগে বিষয়বস্তু বোঝার চেষ্টা করেন। অন্যরা তাদের মতো হলে খুব ভালো হতো। ’
বাংলাদেশ ব্যাংকের অক্টোবর-মার্চ ছয় মাসের বৈদেশিক বিনিয়োগের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, আগের সরকারের সময়ের তুলনায় বর্তমান সময়ে শুধু টাকার পরিমাণেই নয়, গুণগত মানেও বিনিয়োগ বেড়েছে। অক্টোবর-মার্চ সময়ে ইক্যুইটি, রি-ইনভেস্ট এবং আন্তঃকোম্পানি ঋণ আনুপাতিক হারে বেড়েছে।
বৈদেশিক বিনিয়োগকারীদের মতে, আগের সরকারের সময়ে অস্থিতিশীল রাজস্ব নীতির কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের ব্যাপারে পরিকল্পনা ধীরে করতেন। রাজনৈতিক অস্থিতিশীলতা বড় সমস্যা ছিল। এসব বিষয়ে বিশেষ করে সরকারের রাজস্ব বিভাগের সঙ্গে সমঝোতা হতো না। যার কারণে বিনিয়োগে গতি কমে যাচ্ছিল। নির্বাহী চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরী দায়িত্ব নেওয়ার পর বৈদেশিক বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। রাজস্ব বোর্ডের কর্মকর্তারাও বিনিয়োগকারীদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করেছেন। এর ফলে পাইপলাইনে থাকা বিনিয়োগগুলো দ্রুত গতিসম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: কামরুজ্জামান
সম্পাদকীয় কার্যালয়:
ব্লক-সি, ৪১/২, বাড্ডা
ছায়াবিথী, সাভার, ঢাকা-১৩৪০।
Copyright © 2026 Shomoy Ekhon Amader. All rights reserved.